পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশে ভ্যাকসিনের সমস্যা হবে না। যত টাকা লাগবে প্রধানমন্ত্রী দেবেন। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সঠিক নিয়মে মাস্ক পরতে হবে। ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে বাঁচতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে বান্দরবানের লামা উপজেলা বাসটার্মিনালে কভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের অভাবে দেশের একজন মানুষও মারা যাবে না। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। পাহাড়ের যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, ৯০ পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ৫৫ পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।
লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্র্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াই চিং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
