বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যতিক্রমী আয়োজন নর্থ সাউথে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:০৬ পিএম

মহান মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন, বই রচনাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

নর্থ সাউথ প্রশাসন জানিয়েছে, দেশ-বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনীতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে বইটি রচনা করা হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর দুই হাজারেও বেশি বই স্থান পেয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আশা করি, নর্থ সাউথের পথ ধরে অন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে একটু কম সচেতন থাকে। দেখা যায় তারা বিদেশের অনেক কিছু জানে। তবে নর্থ সাউথের মতো অন্যরা যদি এভাবে কাজ করেন, তাহলে তার অত্যন্ত ইতিবাচক ফল আমরা পাবো।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নর্থ সাউথ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মুক্তিযোদ্ধার সন্তানকে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতি বছর বিজয় দিবসে অভিভাবক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে থাকে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত