নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপংকর কুমার পাড়ই। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে।
পরে এলাকাবাসীর সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ কর্মকর্তা দিপংকরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় নাজমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং ছুরি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দিপংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে। এ সময় নাজমুল সুইচ গিয়ার ছুরি দিয়ে দিপংকর কুমারের পেটে আঘাত করেন। এরপর আবার ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপংকর হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক জখম হন।
নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় ২৫০ ইয়াবা ও একটি সুইচ গিয়ারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
