গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ৪ জন, জামালপুর ও শেরপুরে একজন করে রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫) ও পূর্বধলা উপজেলার আব্দুল কাদের (৭০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), ইয়াকুব আলী (৬৫), রতন মিয়া (৩৫), ভালুকা উপজেলার রমিজা খাতুন (৫৫), ফুলবাড়িয়া উপজেলার ইয়াদ আলী (৭৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা (৬৫) ও জামালপুর বকশীগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৭ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৯৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬১ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষায় আরও ১৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৩৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ২৭০ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯৫ জন।
