পাবনা প্রেসক্লাব সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১০:০৯ পিএম

পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল হক আরজুর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

শনিবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক সাংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার নীতি মেনে অভিযুক্তের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পরেও পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। সংবাদকর্মীদের কণ্ঠরোধ করতেই তিনি এ মামলা দায়ের করেছেন বলে মন্তব্য করেন তারা।

অবিলম্বে এই মামলাটি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা, প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি সুশীল তরফদার, পাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. আওয়াল কবির জয় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত