আগের দিনই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ ৪-০ এর লক্ষ্যে মাঠে নামলেও তাদের সে আশা পূরণ হলো না। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলেন না। পরে মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান দারুণ বোলিং করলেও সাকিব আল হাসান রান বিলালেন। তাই অস্ট্রেলিয়ার ঘাম ছুটিয়েও হার মানতে হলো বাংলাদেশকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ অবশ্য সিরিজ নিশ্চিত করে ফেলেছে আগেই। অস্ট্রেলিয়ার এই জয়ের সুবাদে ব্যবধান ৩-১ হলো।
অবশ্য এই হারের জন্য আক্ষেপে পুড়তেই পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মোক্ষম সুযোগ যে হাতছাড়া হলো। সোমবার পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচও জিতে অস্ট্রেলিয়া ফল ৩-২ করতে চাইবে। বাংলাদেশ ৪-১ করতে পারে কি-না সেটিই এখন দেখার।
১০৫ রানের লক্ষ্য ছুঁতে ৭ উইকেট হারানোর পাশাপাশি ১৯ ওভার খেলতে হয়েছে অতিথি দলকে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ড্যান ক্রিশ্চিয়ান সর্বোচ্চ ৩৯ রান করেন। আটে নেমে অ্যাস্টন অ্যাগার ২৭ রান করেছেন।
মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আগের দিন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন তিনি। মেহেদি ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সাকিব ৪ ওভারে ৫০ রান খরচ করেন। তার এক ওভারে ৫ ছক্কা হাঁকান ড্যান ক্রিশ্চিয়ান। সেটা ছিল দ্বিতীয় ওভার। এরপরও তাকে দিয়ে আরো দুই ওভারে বোলিং করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও সৌম্য সরকারকে আরো একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি তিনি।
তিনে নেমে সাকিব আল হাসান ২৬ বলে ১৫ রানে ফিরে যান। ইনিংসের দশম ওভারে হ্যাজলউডের শিকার হন তিনি। পরের ওভারে পর পর দুই বলে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহানকে তুলে নেন মিচেল সুয়েপসন। বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ডই ভেঙে যায় তাতে।
ওপেনার মোহাম্মদ নাঈম অবশ্য একপ্রান্ত অবিচল ছিলেন। সর্বোচ্চ ২৮ রান করেছেন ৩৬ বলে ২ চারে। শেষ দিকে শেখ মেহেদি হাসান খেলেছেন ১৬ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ১টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। এ ছাড়া আফিফ হোসেন ১৭ বলে ২০ ও সাকিব আল হাসান ২৬ বলে ১৫ রান করেন।
অজিদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল সুয়েচসন ও অ্যান্ড্রু টাই। ২ উইকেট নিয়েছেন জস হ্যাজলউড। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল সুয়েচসন।
