মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, থানায় মামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৩:০১ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক কিশোরী (১৩)। এ ঘটনায় হক্কু মিয়াকে (৫৫) অভিযুক্ত করে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা।

পরে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ভিকটিমকে গত ৭ আগস্ট ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনায় পাঠায় পুলিশ।

অভিযুক্ত হক্কু মিয়া জেলার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গত মার্চে গাগলাজুর গ্রামের মনির মিয়ার বাড়িতে বেড়াতে যান তার শ্যালিকা ওই কিশোরী। একই সময়ে ভিকটিমের ভগ্নিপতির বেয়াই হক্কু মিয়াও বেড়াতে যান।

ভুক্তভোগী ওই কিশোরী ও হক্কু মিয়াসহ আরও ৪-৫ জন একই ঘরে রাতে ঘুমান। গভীর রাতে একপর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন হক্কু। বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান হক্কু। ফলে চুপচাপ বাড়ি চলে যায় কিশোরী।

তিনি জানান, সম্প্রতি কিশোরীর বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ায় তার মা বিষয়টি টের পান। সংশ্লিষ্টদের ঘটনা জানালে স্থানীয়ভাবে সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। ফলে থানায় মামলা করেছেন কিশোরীর মা।

রাশেদুল ইসলাম আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত