কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর শান্তির বাজারে সামসুল হুদা নামে এক ডাক্তারকে পিস্তল দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চেয়ে ওই ডাক্তার তার ফেসবুক আইডি থেকে লাইভে তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন।
দুই মিনিটের ভিডিওতে দেখা যায় শাহাপুর গ্রামের সামসুল হক মিয়ার ছেলে মো. সাগর (৩০) ডাক্তার সামসুল হুদার চেম্বারে গিয়ে বারবার পিস্তল তাক করে টাকা চাইছেন। একপর্যায়ে ডাক্তার তার হাতে ৩৯ হাজার টাকা তুলে দেন। চেম্বারে বসেই টাকা গুনে আরও দুই লাখ টাকার জন্য হুমকি দিয়ে যায়। এরপর ডাক্তার সামসুল হুদা তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার নিজের এবং পরিবারের নিরাপত্তা চান।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস দেশ রূপান্তরকে বলেন, ভিডিওটি আমি দেখেছি। সাগরকে আমরা খুঁজছি। তার নামে তিতাস থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
