নীলফামারীর সৈয়দপুরে ছুরিকাঘাত করে এক রিকশা চালককে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ১০টার দিকে সৈয়দপুর পৌরশহরের নতুন বাবুপাড়া মহল্লার সানাউল্লাহ বসুনিয়া সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিকশা চালক দুলাল হোসেন মন্ডল (৪০) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাটের মকবুল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, চিরিরবন্দরের ডাঙ্গার হাট থেকে প্রতিদিন সন্ধ্যায় এসে রাত পর্যন্ত সৈয়দপুর শহরে রিকশা চালাতেন দুলাল হোসেন।
রবিবারও তিনি সন্ধ্যায় এসে রিকশা চালান সৈয়দপুর শহরে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সৈয়দপুর পৌরশহরের নতুন বাবুপাড়া মহল্লার সানাউল্লাহ বসুনিয়া সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সৈয়দপুর থানার পরির্দশক মো. আবুল হাসনাত খান বলেন, ‘দুর্বৃত্তরা রিকশা চালক দুলালের গলায় ও নাভির নিচে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়।
সুরহতাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি ক্রাইমসিন ইউনিট এবং থানা পুলিশ কাজ চলছে।
দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনসহ খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবারর একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
