অভিনেত্রী-মডেল গ্রেপ্তারে ‘অভিযানের ধরনের’ নিন্দা নারী জোটের

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৫:৫৮ পিএম

কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলকে গ্রেপ্তারে অভিযানের ধরন ও পূর্বাপর প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারী জোট।

সোমবার এক বিবৃতিতে নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনা এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি বলেন, আদালতে অপরাধী হিসেবে শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে প্রচারণা চালানো এবং তাদের গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার তদন্তকালেই তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক তাদের ব্যক্তিগত জীবনসহ নানা কাহিনী প্রচার করা ও প্রচারণা চালানো আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

নারী জোটের আহ্বায়ক বলেন, ‘এ ধরনের ঘটনা সুস্পষ্টভাবে অসভ্যতা, নারীর প্রতি নিকৃষ্ট পশ্চাৎপদ নেতিবাচক দৃষ্টিভঙ্গির নোংরা বহিঃপ্রকাশ এবং মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলদের গ্রেপ্তার নিয়ে ‘যে অসভ্যতা হয়েছে এবং এখনো চলছে’ তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলরা যেন ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নারী জোটের আহ্বায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত