আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৯:৫৮ পিএম

গ্রামাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগান বাহিনীকে হটিয়ে এবার একের পর এক শহর দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা।

সোমবার তারা উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাক দখলে নিয়েছে। খবর আলজাজিরা ও তোলো নিউজ।

এ নিয়ে চার দিনে ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কেবল রবিবারই তারা তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নেয়।

প্রাদেশিক কাউন্সিলর রাজ মোহাম্মদ ও দুজন আইনপ্রণেতা জানান, তালেবান আইবাক শহরের প্রধান প্রধান সরকারি স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

একজন আইনপ্রণেতা জানান, কেন্দ্রীয় সরকার অস্ত্র ও সেনা সাহায্য পাঠাতে ব্যর্থ হলে সরকারি বাহিনী শহর ছেড়ে কোহ-ই-বাস্ত নামের একটি পাহাড়ের দিকে গিয়ে আশ্রয় নেয়।

আফগান সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবান যোদ্ধারা কুন্দুজ, সার-ই-পুল এবং তাখার প্রদেশের তালোকান শহরের নিয়ন্ত্রণ নেয়।

এর আগে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নেয় তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার জাওঝান প্রদেশের শেবেরগান শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত