রাজশাহীতে আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শ্রম অধিদপ্তরের উপপরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনিরুল আলম ওরফে বরিক (৫২)। তিনি শ্রম অধিদপ্তরের উপপরিচালক হিসেবে রাজশাহীতে কর্মরত। নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় তার বাড়ি।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গত সোমবার সকালে এক কন্যাশিশু এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। তখন মনিরুলও সেই পুকুরে নামেন এবং ওই শিশুর শ্লীলতাহানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মাকে গিয়ে ঘটনাটি বলে। এরপর ওই শিশুর মা এর প্রতিবাদ জানাতে মনিরুল আলমের বাসায় যান। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর ফলে এলাকার মানুষও ঘটনাটি জানতে পারেন। তারা মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
