যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের ‘দ্য আইকনিক বল-ড্রপ’ বিলবোর্ডে ইতিহাসে প্রথমবারের মতো সম্মানিত হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে টাইমস স্কয়ারে ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর স্পন্সর হিসেবে রয়েছে আনোয়ার গ্রুপ ও এ গ্রুপেরই অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স।
জাতীয় শোক দিবসে শ্রদ্ধা প্রদর্শনের জন্য আগামী ১৫ আগস্ট ওই বিলবোর্ডে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এ উদ্যোগকে ফলপ্রসূ করতে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে একটি ডামি চেক হস্তান্তর করা হয়।
এ সময় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, টেক্সটাইল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ এবং সাজ্জাদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
