জিডিপির প্রবৃদ্ধির হার দুই বছরের ব্যবধানে দ্বিগুণ ছাড়াবে, অর্থমন্ত্রীর আশা

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১১:২৫ পিএম

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দুই বছরের ব্যবধানে দ্বিগুণ ছাড়াবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আশা করছেন চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ অর্জন হবে।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এমন আশাবাদের কথা জানান।

জিডিপির প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশ ধরে বিদায়ী ২০২০-২১ অর্থবছরের বাজেট করা হয়েছিল। অর্থবছরজুড়ে ছিল কোভিড-১৯–এর প্রভাব। সাময়িক হিসাব করে পরে এটি করা হয় ৫ দশমিক ৪৭ শতাংশ।

তার আগের ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হারও ধরা হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ। এ অর্থবছরের শেষ তিন মাস ছিল করোনাক্রান্ত। সরকারের পক্ষ থেকে ওই অর্থবছরের সাময়িক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৪ শতাংশ বলা হয়েছিল। কিন্তু গত সপ্তাহের আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে জানা গেল, ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপির প্রবৃদ্ধির হার আমরা ৩ দশমিক ৫১ শতাংশ অর্জন করতে পেরেছি, যা এশিয়ার সব দেশের ওপরে। আপনারা জানেন, সেই অর্থবছরের একটা বড় অংশ আমরা অস্বাভাবিকভাবে পার করেছি এবং শুধু আমরা না, অন্যান্য দেশও সেভাবে পার করেছে। আর এ মুহূর্তে আমাদের জিডিপির যে অবস্থা, তাতে আমরা এটি (৭ দশমিক ২ শতাংশ) অর্জন করতে পারব বলে আশা করি।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত