সরকারি নির্দেশনা উপেক্ষা

চৌদ্দগ্রামের অনেক প্রতিষ্ঠানে শোক দিবসের ব্যানার নেই

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৪:৩৪ এএম

সরকারি নির্দেশনা থাকলেও কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানার অধিকাংশ প্রতিষ্ঠানে ব্যবহার না করায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত জরুরি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ১ আগস্ট থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভবনে ড্রপডাউন ব্যানার লাগানোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু উপজেলার চৌদ্দগ্রাম পোস্ট অফিস, চৌদ্দগ্রাম বাজারে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংকে ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানারটি লাগানো হয়নি। ১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১১ তারিখেও লাগানো হয়নি ব্যানার।

চৌদ্দগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাস্টার সেলিম মিয়া বলেন, ‘আজকে দিনের মধ্যে ড্রপডাউন ব্যানারটি লাগিয়ে নেব।’ সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার আবদুর রৌফ সরকারি পরিপত্রের বিষয়টি জানা আছে স্বীকার করে বলেন, ‘লকডাউনের কারণে ব্যানারটি কুমিল্লা থেকে আসতে বিলম্ব হচ্ছে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, ‘যারা এখনো শোক ব্যানার লাগায়নি তাদের পুনরায় অবহিত করা হবে, তারপরও যদি কোনো প্রতিষ্ঠান শোক ব্যানারটি না লাগায় তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত