দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি ডালিমের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০১:৩৭ এএম

দৈনিক দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ^াস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার।

জানা যায়, আরিফুল ইসলাম ডালিম গত ১৯ জুন করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেন। ২৩ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। প্রায় ২০ দিন চিকিৎসা নেওয়ার পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

গতকাল রাত ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ডালিমের ভাগনে হাসান অনিক জানান, গতকাল রাত ১০টা নাগাদ চুয়াডাঙ্গা পৌরসভার পেছনে ডালিমের নিজ বাড়িতে মরদেহ পৌঁছার কথা রয়েছে। পরে রাত ১১টায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজা শেষে ওই কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি দেশ রূপান্তর ছাড়াও যমুনা টেলিভিশন ও ইউএনবির জেলা প্রতিনিধি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত