উদ্ধারকারীর সাহসিকতায় ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া মা ও শিশু রক্ষা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৫:২০ পিএম

ফেরির পন্টুন থেকে ভারসাম্য হারিয়ে কোলের চার বছরের শিশু কন্যাকে নিয়ে পদ্মা নদীতে পড়ে যান মোছা. রোকসানা বেগম (২৯) নামের এক মা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করেন বিআইডব্লিউটিসি স্টাফ মনির হোসেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ বলে জানা যায়।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেন উদ্ধারকারী মনির হোসেন।

রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী। আর কোলের শিশুর নাম মেহরাব হোসেন (৫)।

উদ্ধারকারী বিআইডব্লিউটিসি স্টাফ মনির হোসেন বলেন, ওই নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ফেরিতে ওঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময়  দূরপাল্লার একটি বড় বাসও ফেরিতে উঠতে যায়।  তখন ওই নারী বাসটির এক পাশে সরে গেলে ভারসাম্য হারিয়ে কোলের শিশুকে নিয়ে নদীতে পড়ে যান। আমি বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপ দিয়ে তাদের ধরে ফেলি। পরে তার স্বামীও নদীতে ঝাঁপ দেন। আমরা সুস্থভাবে তাদের উদ্ধারে সক্ষম হই। বর্তমানে আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই সুস্থ আছে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে। আমি শোনামাত্র ঘটনাস্থলে চলে যাই ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাই। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের স্টাফ মনিরের কাছে সে যে সাহসিকতা দেখিয়েছে তা সবাই দেখাতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত