ফরিদপুরের নগরকান্দার আলোচিত জোড়া খুন মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইচাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু জানান, ২০১৯ সালের ১০ আগস্ট প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় স্থানীয় রওশন আলি মিয়া ও তার চাচাতো ভাই মিরাজুল ইসলাম তুহিনকে। ওই ঘটনায় রওশন আলীর বাবা রায়হানউদ্দিন মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলার ৬ আসামি জামিনে এবং অন্যরা পলাতক রয়েছে।
রওশন-তুহিন হত্যা মামলার দ্রুত বিচারকাজ শেষ করার দাবিতে এলাকাবাসী মহাসড়কের দুই পাশে মানববন্ধন করেন। পরে ক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে বক্তব্য দেন নিহতদের স্বজন সিকদার মিজানুর রহমান, ড. আসমা শহীদ, মনিরা খান প্রমুখ।
