জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৬:৩৯ পিএম

নিউইয়র্কের টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে জাতীয় শোক দিবসে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রদর্শনী।

ফাহিম ফিরোজ নামে এক প্রবাসীর এই উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা।

নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন-এর সিইও ফাহিম ফিরোজ জানান, ১৫ অগাস্ট প্রথম প্রহর থেকে এই প্রদর্শনী শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়েছে। ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। সব মিলিয়ে ৭২০ বারে মোট তিন ঘণ্টা চলবে এই প্রদর্শনী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার বলেন, এই প্রদর্শনীতে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু মুহূর্ত। এ ছাড়া জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক নিয়ে ছবি আর ক্যাপশন থাকবে; তুলে ধরা হবে তার ত্যাগ আর বীরত্বগাঁথা।

বিশ্বজুড়ে পরিচিত এই আলো ঝলমলে টাইমস স্কয়ারের বিলবোর্ড থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ দেখা যায় প্রতিবছর। বিভিন্ন দেশের লাখো মানুষ এই টাইমস স্কয়ারে জড়ো হয় প্রতিদিন। 

এ ছাড়া জাতির পিতার স্মরণে ওই দিন স্মরণসভার আয়োজন করেছেন নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ কর্মসূচির সমর্থনে শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।

সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এক বিবৃতিতে প্রবাসীদেরকে টাইমস স্কয়ারের ওই স্মরণসভায় স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত