রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি নেতাকর্মী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যায় তারা। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়।
তাদের দাবি, একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।
ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বহু নেতাকর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, বহু আহত হয়েছেন। সংখ্যা এখনই বলা যাচ্ছে না।
