টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর গড়ে ওঠা অবৈধ কয়লা তৈরির ১৬টি চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে বনের ভেতর অভিযানকালে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে ওই এলাকায় বন উজাড় করে কয়লা তৈরির ধুম চলছে। ওই এলাকায় বনের ভেতরে অবৈধ কয়লা তৈরির চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে এই কয়লা তৈরি করে আসছিলেন বাঁশতৈল গ্রামের বিল্লাল হোসেন, গাইরাবেলিত গ্রামের মজিবুর রহমান, কাহারতা গ্রামের হাবিবুর রহমান এবং হারুন।
এর ফলে বনজ সম্পদ ধ্বংস, পরিবেশ বিপর্যয়সহ চুল্লির আশপাশে গাছপালা ও ফসলি জমি নষ্ট এবং স্থানীয়দের শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ চুল্লি ব্যবসায়ীরা বনাঞ্চলের এসব গাছ রাতের আঁধারে কেটে চুল্লিতে পুড়িয়ে কয়লা তৈরি করে থাকে। ফলে শত চেষ্টা করেও বনের গাছ চুরি ঠেকানো যাচ্ছে না বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, বিভিন্ন দপ্তর ম্যানেজ করে দিনের পর দিন বনের ভেতরে এই চুল্লি স্থাপন করে কাঠ পোড়ানো হয়।
বিভিন্ন মাধ্যমে এই খবর জানতে পেরে মঙ্গলবার সকালে ওই এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়।
অভিযানকালে ১৬টি অবৈধ কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ওই স্থানে উপস্থিত চুল্লির মালিক হারুনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
