ভারতের আলোচিত মডেল জেসিকা লাল হত্যা মামলার ওপর ভিত্তি করে তৈরি হয় ছবি ‘নো ওয়ান কিলড জেসিকা’। যা দেখে মুগ্ধ হয়েছিলেন বাস্তবের জেসিকার বোন সাবরিনা লাল। ছবিতে তার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে রবিবার সন্ধ্যায় মারা গেছেন সাবরিনা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মৃত্যু হয়।
রাজকুমার গুপ্তার পরিচালনায় এই জেসিকা লাল হত্যা মামলার ওপর ভিত্তি করে ছবি ‘নো ওয়ান কিলড জেসিকা’ মুক্তি পাওয়ার পর নড়েচড়ে বসেছিল বলিউড। বিদ্যার পাশাপাশি সাংবাদিক মীরা গাইতির ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখার্জি।
২০১১ সালে ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি মুগ্ধ করেছিল সমালোচকদেরও। পর্দায় নিজের চরিত্রে বিদ্যার অভিনয় দেখে অকুণ্ঠ তারিফ করেছিলেন স্বয়ং সাবরিনাও। তবে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রীকে কোনোভাবেই তার মতো দেখতে লাগেনি।
তবে বিদ্যা যে তাকে পুরোপুরি নকল করতে চাননি, একদিকে তা ভালোই হয়েছে বলে জানিয়েছিলেন সাবরিনা।
ছবিতে জেসিকা লালের ভূমিকায় যে অভিনেত্রীকে দেখা গিয়েছিল সেই মায়ারার লুকের খুব প্রশংসা করেছিলেন সাবরিনা। জানিয়েছিলেন পর্দায় একেকসময় পুরোপুরি জেসিকা হয়েই উঠেছিলেন ওই অভিনেত্রী। পাশাপাশি ছবির পরিচালকের গল্প বলার দক্ষতারও সুখ্যাতি করেছিলেন জেসিকার বোন।
