পুলিশের শটগানের গুলিতে আহত বিএনপির ২ নেতা ঢামেকে ভর্তি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৯:০৬ পিএম

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের শটগানের গুলিতে গুরুতর আহত বিএনপির ২ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- তেজগাঁও থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৮) ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (৬২)। তেজগাঁও শিল্পাঞ্চল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী তাদের হাসপাতালে নিয়ে আসেন।

মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মাদ আলাউদ্দিন জানান, “তাদের দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগানের ইনজুরি রয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।”

ইউনাইটেডে ভর্তি আমান-আমিনুল  

এদিকে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে আহত আমান উল্লাহ আমান ও আমিনুল হক ইউনাইটেডে ভর্তি করা হয়েছেন। 

হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সাংসদ ও বিএনপি কমিউনিকেশনের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অন্যদিকে, ডিবিসির সাংবাদিক জাকারিয়া আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন। এছাড়া আহত নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে শ্যামলী, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বেসরকারি হাসপাতালে।

বিএনপি আইসিটি বিভাগের তিনজন সদস্য বাবু, অপু ও আলমগীর আহত হয়েছেন। অপুর হাতে প্রায় ১০টি সেলাই লেগেছে। বিএনপি কমিউনিকেশন টিমের সদস্য নুরুল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন।

আহত নেতাকর্মীদের চিকিৎসায়  নিয়োজিত আছেন ড্যাবের চিকিৎসকগণ। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন ও নির্দেশনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ দলের চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত