মাইক্রোবাসে নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৮:৪৯ পিএম

নরসিংদীতে এক নারী শ্রমিককে (২০) মাইক্রোবাসের ভেতরে পালাক্রমে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের নরসিংদী শহরের বিভিন্নস্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর থানার চিনিশপুর পশ্চিম পাড়া বেলতলা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। 

নির্যাতিতা ওই নারী পঞ্চগড় জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় বসবাস করে স্থানীয় পাওয়ার লোমে শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ও একটি সন্তান রয়েছে।

গ্রেপ্তাররা হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া এলাকার মোমেন মিয়ার ছেলে বর্তমানে নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া আরিয়ান (২০), নরসিংদী শহরের বাসাইল এলাকার রহমত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৪) ও পলাশ থানার ধানইর চর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।

জানা যায়, নির্যাতিতা ওই নারী শ্রমিকের সঙ্গে মিজানের মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী চিনিশপুর পশ্চিম পাড়া বেলতলা এলাকায় মিজানের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় মিজান ওই নারী শ্রমিককে ঘুরতে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে ওঠায়। নারী শ্রমিক মাইক্রোবাসে উঠার সঙ্গে সঙ্গে আগে থেকে মাইক্রোবাসে থাকা মিজানের সহযোগীরা তাকে বেঁধে ফেলে। পরে মাইক্রোবাসের ভেতরেই মিজান ও তাঁর সহযোগীরা ওই শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করে। 

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ব্যবহৃত সাদা রংয়ের মাইক্রোবাস করা হয়। 

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিকালে আদালতে হাজির করা হলে মিজান ও সোহেল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমরা ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। পরে প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত