জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে ফের গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২১ সম্পন্ন হয়। গত ২০ জুলাইয়ের ফল প্রকাশিত হয়। ওই ফলে ৭২ শতাংশ কৃতকার্য এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এবং অনেকে সশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও গণহারে একই বিষয়ে অনেকে অকৃতকার্য হয়েছে। যেটি কোনোভাবেই বিশ্বাসযাগ্যে নয়।
শিক্ষার্থীরা দ্রুততম সময়ে পরীক্ষা নিয়ে ফল প্রদান এবং যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের খাতাগুলো নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। একই দাবিতে শিক্ষার্থীরা একই স্থানে গত ১১ আগস্ট বিক্ষোভ করেছেন। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেন, যেহেতু শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সুতরাং এটার আর পরিবর্তনের সুযোগ নেই। তাদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।
