জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক শক্তির সংযোগ না থাকার ধারণাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক স্যার মার্ক টালি। গত মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান সিআরআই আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘শকওয়েভস অব অ্যাসাসিনেশন : সাউথ এশিয়া ১৯৭৫’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে বহিঃশক্তির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দিয়েছিল বাংলাদেশ।
