সিরাজগঞ্জ পৌর শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে গতকাল বুধবার দুপুরে সংঘর্ষে প্রতিপক্ষের ফালার আঘাতে সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে দিয়ার ধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল দুপুরে আবারও সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে দুদিনে অন্তত ১০ জন আহত হন। এদিকে সাজ্জাদ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, বুকের নিচে ফালার আঘাতে সাজ্জাদ মারা গেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, গতকাল দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাজ্জাদসহ ১০ জন আহত হন। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
