বাংলা সিনে জগতের কিংবদন্তি চিত্রনায়ক, নায়করাজ রাজ্জাক চার বছর আগের এই দিনে পরলোক গমন করেন। কিংবদন্তি এই নায়ককে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে শোবিজ অঙ্গন। ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানও এক বার্তায় নায়করাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শাকিব খান বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। একটা সময় আমাদের দেশে ভিনদেশি সিনেমার প্রভাব ছিল। তখন তার আবির্ভাব হয়। তিনি নায়করাজ রাজ্জাক। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান। অভিনয় দক্ষতায় সব ধরনের মানুষের কাছে নায়কদের শিরোমণি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। তাই কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে তত দিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।’’
নায়করাজকে নিজের অভিভাবক হিসেবে দাবি করে শাকিব খান বলেন, ‘নায়করাজ রাজ্জাক ছিলেন আমার মাথার ওপরে সুবিশাল আকাশ। ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন কীসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক!’
তিনি আরও বলেন, ‘আজ (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। আপনাকে হারানো আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো বেদনার। আমার বিশ্বাস, চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সব সময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’
