পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান। তাসনিম নিউজ জানিয়েছে, তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আফগানিস্তানের নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠনের কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একই সঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক অভিলাষের বিষয়ে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান।
এদিকে আফগানিস্তানের কান্দাহার ও হেরাতে ভারতীয় দূতাবাসে লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
