চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে মনিরুল ইসলাম (৪২) নামে এক পুলিশের সোর্সকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এছাড়া ফেনী, নেত্রকোনা ও জামালপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
মেহেরপুর : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিহত মনিরুল ইসলাম হাকিমপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মোবাইল ফোনে একটি কল ওপয়ে বাইরে চলে যান মনিরুল। কিছুক্ষণ পর বাড়ির পেছন থেকে চিৎকার শুনে সেখানে ছুটে যায় তার স্ত্রী ও সন্তানরা। তারা গিয়ে মনিরুলকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, নিহত মনিরুল পুলিশকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সাহায্য করতেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : জেলায় শাহীন মিয়া (২৫) নামে এক যুবককে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন মেড্ডা মৌবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী শাহীনের অটোরিকশায় উঠে শাহীনকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে যায়।
ফেনী : জেলায় মো. সোহেল (৩৫) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে শহরের নাজির রোড এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী শিউলি আক্তার পলাতক রয়েছেন। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নেত্রকোনা : সদর উপজেলায় মদনপুর এলাকার কাংসা গ্রামে গতকাল দুপুরে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ একই এলাকার সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকায় বিয়ের পর থেকে নিহত শরীফা তার বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।
জামালপুর : জেলার সরিষাবাড়ী উপজেলায় হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
