গৃহকর্মী নির্যাতন মামলায়ও জামিন পেলেন অভিনেত্রী একা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৪:৫৭ পিএম

মাদক মামলার পর গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায়ও জামিন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী একা।

রবিবার মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিন আদেশ দেন। দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নাই।

আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল এলাকায় একার বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

ওই দিন বিকেলে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গৃহকর্মীকে উদ্ধার করে এবং চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই গৃহকর্মীর পরিবারের উদ্ধৃতি দিয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম জানিয়েছিলেন, নির্যাতনের শিকার গৃহকর্মীকে হাতে ও মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।

একাকে গ্রেপ্তারের পর হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক জানান, একার বাড়িতে অভিযানে পাঁচ পিস ইয়াবা, কিছু গাঁজা ও অর্ধেক বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এর প্রেক্ষিতে একার নামে গৃহকর্মীর ওপর নির্যাতন এবং মাদক রাখার অপরাধে দুটি মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত