মাঝেমধ্যে রাগ নিয়ন্ত্রণ কি কঠিন হয়ে যায় সাকিবের!

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:২৮ পিএম

মাঠে অনেকবারই মেজাজ হারাতে দেখা গেছে সাকিব আল হাসানকে। যে কারণে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার অনেকবারই বিতর্কিত খবরের শিরোনামও হয়েছেন। মাঝে মধ্যেই কি রাগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে তার জন্য?

এমন এক প্রশ্নেরই উত্তর দিলেন বাংলাদেশের ক্রিকেটের এই বড় মুখ। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব এমন প্রশ্নের উত্তরে হেসে বলেছেন, ‘হয়তো তাই’।

খেলোয়াড়েরা এসব ক্ষেত্রে অনেক সময় মনোবিদের শরণাপন্ন হন। সাকিব তার নিজের জন্য সে রকম কিছুর প্রয়োজন মনে করেন কিনা- এমন প্রশ্নও ছিল।

সাকিব যার উত্তরে বলেন, ‘মনে হয় না আমার সে রকম কিছু করার দরকার আছে।’

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিতর্কিত ঘটনার জন্ম দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা সাকিব। আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেওয়ায় পা দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছিলেন তিনি। একই ম্যাচে বেশ কয়েকবার তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারান।

সাকিব কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজ নিয়েও। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। কিন্তু কন্ডিশনের কথা উল্লেখ করে বাংলাদেশের এই অর্জনকে অনেকেই ছোট করেও দেখতে চান।

যে প্রসঙ্গে সাকিব বলেন, ‘এগুলো তারাই বলে যাদের মনের ভেতরটা শুধু হিংসায় ভরা। তারা বাংলাদেশের অর্জনকে ঈর্ষা করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত