মহামারিকালে চীন–বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৩৭ পিএম

করোনা মহামারির সময়ে চীন–বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘শুরু থেকেই তারা আমাদের প্রতি খুবই সহায়তার মনোভাব দেখিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সিনোফার্মের তৈরি করোনার টিকা বাংলাদেশে উৎপাদনের জন্য ১৬ আগস্ট সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই অনুষ্ঠানের ফাঁকে একান্ত সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘করোনার উৎস ও কারণ উদ্‌ঘাটনের বিষয়টি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি।’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো তদন্তের ফল বিপর্যয় ডেকে আনে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে অভিযানের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তারপর বলা হয়, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এর পক্ষে ভুয়া তথ্য ও ছবি হাজির করা হয়। এগুলো দিয়ে পুরো বিশ্বকে বিভ্রান্ত করে বিশ্বাস করানো হয় যে ‘বিষয়টি সত্য’।

তিনি বলেন, কিন্তু ইরাক দখলের পর তারা দুই বছরের বেশি সময় ধরে তার ছিটেফোঁটা বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করল।

কোভিড মহামারি প্রতিরোধে এখন সব দেশের সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দিয়ে আব্দুল মোমেন বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বজুড়ে দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে টিকা বিতরণ করা। তা সে দেশ ধনী বা দরিদ্র, যা–ই হোক না কেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুব দুঃখজনক যে অনেক ধনী দেশ বিপুল পরিমাণ টিকা মজুত করেছে। তারা সেগুলো দরিদ্র দেশগুলোকে দিচ্ছে না। টিকা হওয়া উচিত জনগণের সম্পদ এবং তা কোনো বৈষম্যহীনভাবে সব দেশে বিতরণ করা উচিত।’

করোনা মহামারি প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এ কে আব্দুল মোমেন। এই মহামারির সময়ে চীন–বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘শুরু থেকেই তারা আমাদের প্রতি খুবই সহায়তার মনোভাব দেখিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মহামারির শুরুর দিকে চীন যখন নিজেরা বিপদে ছিল, তখন দেশটিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়েছে তখন চীন সরকারের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো সহায়তার হাত বাড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান। আমাদের চীনের মতো ভালো একটি বন্ধু আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত