‘নির্ধারিত সময়েই আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনা সম্ভব’

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০২:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি এখনো আশা করছেন।

হোয়াইট হাউসে স্থানীয় সময় রবিবার বাইডেন বলেন, ‘আশা করছি, সরিয়ে আনার সময়সীমা আর বাড়াতে হবে না। আমরা দেখছি কী করতে পারি।’

এদিকে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তালেবান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

তালেবান আকস্মিক আফগানিস্তান দখলের এক সপ্তাহ পরও আতঙ্কিত আফগানদের দেশ ছাড়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বাইডেন আগেই ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল সেনা ও নাগরিককে আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা বলেছিলেন।

কিন্তু কাবুল বিমানবন্দরে তীব্র ভিড় ও চাপ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিজেদের লোকজন সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে।

সময়সীমার মধ্যেই সকলকে সরিয়ে আনা অসম্ভব বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিমানবন্দরের করুণ ও মর্মস্পর্শী দৃশ্যের কথা স্বীকার করে বাইডেন একে দেশ ছাড়ার মূল্য হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আপনারা যেসব হৃদয়বিদারক দৃশ্য দেখছেন, এত লোককে একসঙ্গে সরিয়ে আনার ক্ষেত্রে এসব ছাড়া কোনো উপায় নেই।’

বাইডেন বলেন, তালেবানের কাবুল দখলের পর এ পর্যন্ত ২৮ হাজার লোককে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

এদিকে তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি বলেছেন, আমেরিকা তার সকল শক্তি ও সুবিধা দিয়েও বিমানবন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। পুরো দেশই শান্ত। অশান্ত কেবল কাবুল বিমানবন্দর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত