বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা এলাকার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে মো. ছালেক হাওলাদার, ধান গবেষণা এলাকার মৃত নওশের আলী’র ছেলে দেলোয়ার হোসেন, নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম দূয়ারীর ছেলে মো. নিজাম উদ্দিন দূয়ারী, নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মৃত মালেক আকনের ছেলে মো. সুমন আকন এবং ধান গবেষণা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী হনুফা বেগম।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ধান গবেষণা এলাকার খেয়াঘাট থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানায় ডিবি।
