তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৭:২৯ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন। পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে যানজট লেগেই আছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ বলে খ্যাত এ নৌরুটে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানিয়েছেন, প্রতি দিনই পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণ পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরিতে বেশ কিছু দূর উজানে গিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। এতে সময় এবং জ্বালানি বেশি লাগছে। সোমবার সকাল থেকে নৌরুটের ১৭ ফেরি দিয়ে চলছে পারাপার।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী সোমবার বিকেল  সাড়ে ৫টার দিকে পাটুরিয়া প্রান্তে  ৬০টির মতো যাত্রীবাহী বাস, ৪০ ব্যক্তিগত যানবাহন, ২৫০ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে সোমবার সকাল ১০টার দিকে প্রায় ছয় শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। ফেরি ১৭টি থাকায় বিকেলে যানবাহনের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত