ভারতে করোনার তৃতীয় ঢেউ অক্টোবরে চরমে উঠতে পারে

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৭:৫৮ পিএম

আগামী অক্টোবর মাসেই ভারতে কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ চরম আকার ধারণ করতে পারে। এবার প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটির রিপোর্টে এ কথা বলা হয়েছে।

রিপোর্টে বলা হয়, ভারতে ইতিমধ্যেই আছড়ে পড়েছে কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ভারতে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গেছে। প্রসঙ্গত, এক জন কোভিড-১৯ আক্রান্ত থেকে আরো কত জন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে।

দ্বিতীয় ঢেউয়ের 'ভুল' থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করা হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই রিপোর্ট বলছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই সেদেশে। এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি।

এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। কারণ, অক্টোবর থেকেই পশ্চিম বাংলায় পুজার মওশুম শুরু হচ্ছে। তার মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা চরমে উঠার পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে।

গাণিতিক মডেলের উপর নির্ভর করে সম্প্রতি ভারতের আইআইটি-র একটি গবেষণায়ও জানানো হয়, আগামী অক্টোবর মাসেই ভারতজুড়ে চরম আকার নিতে পারে কো‌ভিড-১৯ এর তৃতীয় ঢেউ। এবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তৈরি বিশেষজ্ঞদের কমিটিও সেই কথাই বলল।

সূত্রঃ আনন্দ বাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত