বাংলাদেশ সফররত নিউজিল্যান্ড দলের ক্রিকেটার ফিন অ্যালেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে করোনা আক্রান্ত হওয়া অ্যালেন ঢাকায় এসেছিলেন গত ২০ আগস্ট। ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট শেষ করেই সতীর্থ কলিন ডি গ্রান্ডহোমের সঙ্গে ঢাকায় আসেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার।
২২ বছর বয়সী অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। মার্চ-এপ্রিলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার। যে তিন টি-টোয়েন্টি খেলেছেন তিনি, তিনটিই বাংলাদেশের বিপক্ষে।
নিউজিল্যান্ড ক্রিকেট তাদের ওয়েবসাইটে লিখেছে, বাংলাদেশে আসার পরই পজিটিভ হয়েছেন অ্যালেন। ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি।
এখন টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন অ্যালেন। তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর অধীনে চিকিৎসা চলছে অ্যালেনের। সেই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক প্যাট ম্যাকহিউ।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের কর্তৃপক্ষ খুবই পেশাদারি দেখাচ্ছে এ ব্যাপারে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
অ্যালেন দ্রুত সেরে উঠবেন বলে আশা তার, ‘ফিনের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক এটা। আপাতত সে ঠিকঠাক আছে। আশা করি, দ্রুত সেরে উঠবে, তার টেস্টে নেগেটিভ আসবে এবং শিগগিরই ছাড়া পাবে।’
অ্যালেনের বদলি হিসেবে এখনো কাউকে দলে যোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এদিকে মঙ্গলবার কিউই দলের যারা ঢাকায় এসেছেন, তারা তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর অনুশীলনে সুযোগ পাবেন।
দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
