হাটহাজারী পৌরসভার ৯ নম্বর মোহাম্মদপুর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌরসভা-১ শাখার উপসচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চলতি মাসের ১১ তারিখ দেওয়া প্রজ্ঞাপনে জানা যায়, অব্যাহতি পাওয়া আবুল কাশেম চলতি বছরের ২৮ মার্চ হেফাজতে ইসলাম ঘোষিত হরতালে অংশগ্রহন করেন। তিনি পৌর এলাকার মোহাম্মদপুর কড়িয়ার দিঘীরপাড় সংযোগ সড়কে দলবল নিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ উপধারা ১ (খ) ও ১ (ঘ) মোতাবেক পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকায় তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।
মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম।
এ ব্যাপারে মঙ্গলবার কাউন্সিলর আবুল কাশেমের কাছে ফোনে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে জানান, তিনি এ সংক্রান্ত কোনো চিঠি পাননি।
তবে হাটহাজারী পৌরসভার সচিব বিপ্লব মুহুরী বলেন, এই কাউন্সিলারের কাছে পৌরসভার পক্ষ থেকে মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠি পাঠানো হয়েছে। নিশ্চয়ই তিনি চিঠি পেয়েছেন।
