কথাকাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বর্তমানে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে জড়ানো শাটল ট্রেনের বগিভিত্তিক বিজয় ও সিএফসির গ্রুপ দুটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি হিসেবে ক্যাম্পাসে পরিচিত বলে জানা যায়।
আহতরা হলেন, বিজয় গ্রুপের কর্মী ও দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের সিএফসি গ্রুপের কর্মী ও ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরিফ খানের সাথে সিএফসি গ্রুপের কর্মী ২০১৯-২০ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের আজিম নামে এক কর্মীকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এলাকায় মারধর করে। এরপর সন্ধ্যায় দিকে ক্যাম্পাস উভয় গ্রুপে উত্তেজনা দেখা দেয়। পরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা দেখছি।
বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, বিনা কারণে আমাদের এক কর্মীকে মারধর করছে সিএফসির কর্মীরা। এ ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
