দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ইয়েমেনের ৫০ লাখ মানুষ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১২:৪৫ এএম

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী বিশেষ দূত বলেছেন, দেশটিতে চলমান দুর্ভিক্ষকে সবচেয়ে বেশি মানবিক অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ বা দুই কোটি মানুষ নিত্যপ্রয়োজন মেটাতে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রায় ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে এবং এর সঙ্গে থাকা রোগ থেকে এক কদম দূরে রয়েছে।’  তিনি আরও বলেন, ‘দুর্ভিক্ষ শুধু খাদ্যের সমস্যা নয়। এটা আরও গভীর বিপর্যয়ের লক্ষণ। বহু ভাবেই ইয়েমেনের সব সমস্যা একবিন্দুতে এসে মিলছে আর এটি মোকাবিলায় আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।’ ইয়েমেনের নাগরিকদের এই অনাহারের সঙ্গে অনেকটাই সম্পর্ক রয়েছে দেশটির মারাত্মক মুদ্রা স্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের। ২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনের জিডিপি পড়ে গেছে ৪০ শতাংশ। আর ইয়েমেনি রিয়ালের দর ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ নেমে গেছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি জানিয়েছেন, ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় তেল সংকট আরও মারাত্মক হয়ে উঠছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত