সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রডবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ অটোভ্যানযাত্রী নিহত হয়েছেন। উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া ওভারব্রিজের পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে অটোভ্যান চালক খোদাবক্স (৫০), একই গ্রামের মৃত ফুলচাঁনের ছেলে হায়দার আলী (৬০) ও কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৫৫)।
স্থানীয়রা জানায়, এদিন সকালে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার উদ্দেশ্যে খোদাবক্স অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে ওই দুজন যাত্রীকে ভ্যানে তোলেন। এরপর তাদের নিয়ে পাঁচলিয়া বাসস্ট্যান্ডের ফুট ওভারব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই দ্রুতগামী কাভার্ডভ্যান অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে নিহতদের লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া এদিন সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এ দুই পৃথক সড়ক দুর্ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
