ইভ্যালির এমডি, চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির মামলা

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৬:৩০ পিএম

ইভ্যালির ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা.শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন মো. রাজ (৩২) নামে এক গ্রাহক।

তিনি কামারখন্দ উপজেলার বাসিন্দা।

সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (কামারখন্দ আমলী আদালত) এর বিচারক মোছা. জেসমিন আরা জাহান মামলা আমলে নিয়ে তদন্তের জন্য সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দায়িত্ব দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মো. রাজ ইভ্যালি থেকে ২০২১ সালের ৪ মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রন মেশিনসহ পাঁচ পণ্য অর্ডার করেন। ইভ্যালির নীতিমালা অনুযায়ী অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী তাকে এখনো পণ্য দেওয়া হয় নাই। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মো. রাজ বলেন, আমি ইভ্যালির সাইক্লোন অফার থেকে টেলিভিশন, পেনড্রাইভ, ইলেকট্রিক আয়রনসহ পাঁচ পণ্য অর্ডার করি, যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ বলেন, সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ বাদীর জবানবন্দী গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের ওপর দায়িত্ব দিয়েছেন।

সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (কামারখন্দ আমলী আদালত) এর পেশকার আনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত