ভেড়ার পাল দিয়ে হৃদয় এঁকে মৃত খালার প্রতি ভালোবাসা প্রকাশ!

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০২:৫২ পিএম

মহামারীতে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া লাখো মানুষের মতো অস্ট্রেলীয় কৃষক বেন জ্যাকসনও তার খালাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাননি।

দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পর হার মেনে তার খালা ডেবি যখন কুইন্সল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন বেন তখন ৪০০ কিলোমিটার দূরের প্রদেশ নিউ সাউথ ওয়েলস-এ ছিলেন।

মহামারীর কারণে আরোপিত নিষেধাজ্ঞার কারণে খালার শেষকৃত্যে অংশ নিতে ব্রিসবেনে যেতে পারেননি বেন।

তাই তিনি তার ভেড়ার পালকে দিয়ে হৃদয়ের ছবি এঁকে খালার প্রতি ভালোবাসা দেখান।

প্রথমে তিনি ভেড়া চরানোর মাঠে গিয়ে হৃদয়ের আকারে শস্য বিছিয়ে দেন। এরপর তিনি তার ভেড়ার পালকে ছেড়ে দেন। তখন হাজার হাজার ভেড়া হৃদয়ের আকৃতিতে ছড়িয়ে থাকা শস্যগুলি খাওয়া শুরু করে এবং বিশাল আকৃতির এক হৃদয়ের ছবি ফুটে ওঠে।

এসময় আকাশ থেকে ড্রোনের মাধ্যমে হৃদয়ের আকৃতিতে ভেড়ার পালের শস্য খাওয়ার এই বিরল দৃশ্যের ভিডিও ধারণ করা হয় এবং ছবিও তোলা হয়। ছবি তুলে অনলাইনে শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়।

সোমবার তার খালার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার আগেই জ্যাকসন ভেড়ার পাল দিয়ে ভালোবাসার ছবি আঁকার এই দৃশ্যের ভিডিও তার আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেন।

ভিডিও দৃশ্যের সঙ্গে সাইমন এবং গারফুঙ্কেলের ক্ল্যাসিক গান “ব্রিজ ওভার ট্রাবল্ড ওয়াটার” এবং একটি ছবির গ্যালারিও জুড়ে দেওয়া হয়। বেন জানান, গানটি ছিল তার খালার সর্বকালের সবচেয়ে প্রিয় গানগুলির একটি।

জ্যাকসন সম্প্রতি প্রতীক এবং লোগোর আকারে আরও বেশ কয়েকটি “ভেড়া শিল্পকর্ম” তৈরি করেছেন। তার খালা সবসময় তার সৃষ্টিশীলতার ভক্ত ছিলেন।

জ্যাকসন বলেন তার খালা খুবই সঙ্গলিপ্সু এবং “অবিশ্বাস্যভাবে দানকারী” মানুষ ছিলেন, যার সঙ্গে তার সর্বশেষ গত মে মাসে দেখা হয়েছিলে, নতুন করে লকডাউন দেওয়ার আগে।

লকডাউনের কারণে আজ বৃহস্পতিবারও জ্যাকসন নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ এলাকা গায়রাতে নিজ খামারে আটকা পড়ে আছেন।

কিন্তু খালাকে ভালোবাসা জানাতে তার তৈরি “ভেড়া শিল্পকর্ম” অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত