পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজাই

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৬:১৪ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে প্রস্তুত দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত পৌঁছেছেন তিনি। পিসিবির প্রধানের চেয়ারে এহসান মানির স্থলাভিষিক্ত হবেন রমিজ।

রমিজ এবং এহসান মানি দুজনেই সোমবার পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর রমিজ জানিয়েছিলেন, ‘আমি আমার পরিকল্পনার কথা তাকে (ইমরান খান) জানিয়েছি। উনি আমাকে ফোন করবেন বলেছেন’।

পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছিল প্রধানমন্ত্রীর উপর। তিন দিন পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেল। রমিজ জানিয়েছে, তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার লক্ষ্য হবে, পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা’।

পাক ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ পদে রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি একেবারেই চাননি, বর্তমান চেয়ারম্যান এহসান মানি চলতি মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পিসিবির চেয়ারম্যান পদে থেকে যান।

অন্য একটি সূত্র আবার জানিয়েছেন, এহসান মানি নাকি শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদে থাকতে আর রাজি হননি। তবে শেষ পর্যন্ত ইমরান খানের পরামর্শ মেনেই চেয়ারম্যান পদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেতে যাওয়া রমিজ ইমরানের নেতৃত্বে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

৫৯ বয়সী রমিজ এর আগে পিসিবির প্রধান এক্সিকিউটিভ অফিসার ছিলেন। ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার তার। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৫ টেস্ট ও ২২ ওয়ানডেতে। বর্তমান প্রজন্ম অবশ্য তাকে ধারাভাষ্যকার হিসেবেই বেশি চেনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত