মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে (৩৫) গুলি করে ৪৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অহতাবস্থায় গাংনী হাসপাতালে নেয়ার পথে মারা যান খাদেমুল।
খাদেমুল সিটি ব্যাংকের একটি এজেন্ট শাখার ম্যনেজার ছিলেন। তিনি মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টার দিকে সে মেহেরপুর প্রধান এজেন্ট শাখা থেকে টাকা নিয়ে মোটর সাইকেলেন গাংনী যাচ্ছিলেন খাদেমুল। এ সময় সদর উপজেলা খোকসা গ্রামে মাঠের মধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খাদেমুল চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি এ্যপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের তিনজনের সবার মাথায় হেলমেট ছিল। ধারণা করা হচ্ছে, শহর থেকেই তাকে অনুসরণ করে আসছিল দুর্বৃত্তরা।
খাদেমুলের চাচাতো ভাই রানা জানান, তার ভাই স্কুল ব্যাগের মধ্যে ৪৬ লাখ টাকা ছিল।
প্রত্যক্ষদর্শী সাহারবাটি গ্রামের রোহিদুল ইসলাম জানান, খাদেমুল গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস পারভেজ জানান, খাদেমুল হোসেনের পিঠে গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খাদেমুলের বাবা মিনারুল ইসলাম জানান, তার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
খাদেমুল ইসলামের মামা যতারপুর গ্রামের সুজন জানান, খাদেমুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পরপরই মারা যায়।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দ্রুত সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযানে নেমেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, অপরাধীদের শনাক্ত করা গেছে। তারা পালিয়ে আছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে আছে।
