নানা আয়োজনে পালিত হয়েছে দিনাজপুরের ‘ফুলবাড়ী কয়লা খনিবিরোধী ট্র্যাজেডি দিবস’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা, দিনাজপুর, কিশোরগঞ্জ, জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি হয়েছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি আয়োজন করে।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সমাবেশে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ফুলবাড়ী আন্দোলন শুধু ফুলবাড়ী নয়, গোটা দেশকে রক্ষা করেছে। পৃথিবীর জন্য এটি একটি দৃষ্টান্ত।’
গতকাল ফুলবাড়ী শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া কিশোরগঞ্জ, জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা হয়েছে।
২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও বিডিআর (বর্তমানে বিজিবি) গুলি চালালে ৩ জন শহীদ ও শতাধিক আহত হন।
