আওয়ামী লীগের ব্যর্থতায় সামান্য বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম: শাহাদাত

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:০০ পিএম

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত কয়েক বছর ধরে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার এক রাতের সামান্য বৃষ্টিতেই আবার নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। নগরীর মুরাদপুরে নালায় পড়ে সালেহ আহমদ নামের এক পথচারীও নিখোঁজ হয়েছেন। এখনও পর্যন্ত  তার সন্ধান মেলেনি। আওয়ামী লীগের অযোগ্যতা ও ব্যর্থতার কারণেই সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার ডিসি রোড় ও ধুনির পুল এলাকায় করোনা ও ডেঙ্গু সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরনকালে ডা. শাহাদাত এসব কথা বলেন।

তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের অভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না। প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর চার বছর পরও নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প চলমান থাকার পরও সুফল না পাওয়ার পেছনে কাজের সমন্বয়হীনতা ও দুর্নীতিই দায়ী। চট্টগ্রামের এমপি, মন্ত্রী, মেয়রসহ সংশ্লিষ্ট কারো পক্ষে দায় এড়ানোর সুযোগ নেই।

তিনি বলেন, করোনা মহামারীর এই সময়ে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ যে হারে মশার উৎপাত বেড়েছে তাতে নগরবাসী আতঙ্কিত। মশার উপদ্রবে মানুষ ঘরে টিকতে পারছে না। দিনে-রাতে মশার উৎপাতে নগরবাসী এখন অস্থির। বিভিন্ন খাল-নালা বর্জ্য ও মাটি দিয়ে ভরাট হওয়ায় স্বাভাবিক পানি চলাচলে ব্যাঘাত ঘটেছে। জমে থাকা পানি এবং জলাবদ্ধতার কারণে মশার প্রজনন বেড়েছে। সঠিক সময়ে নালা-নর্দমা পরিস্কারে ব্যর্থ হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এ সময় মহানগর বিএনপি নেতা আলহাজ্ব নাসির উদ্দিন, আবদুর রহিম, অধ্যক্ষ খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড় বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী মো. এমরান উদ্দীন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত