ফরিদপুরে নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান ৪ দিনেও মেলেনি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৬:৩৩ পিএম

ফরিদপুরের নদী বন্দর এলাকায় ইঞ্জিন-চালিত নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান চার দিনেও মেলেনি।

গত বুধবার বিকেলে ফরিদপুরের নদী বন্দর এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬জন শিক্ষক নিয়ে একটি ট্রলার তিন নম্বর জেটি এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে ডুবে যায়। এ সময় ১৪ শিক্ষক ও মাঝি তীরে উঠে এলেও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন ও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হোসেনের খোঁজ পাওয়া যায়নি।

শনিবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলমিুজ্জামান জানান, খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। অদ্যাবধি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে কয়েকটি টিম নদীতে কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, ১৬ শিক্ষকের একটি দল ফরিদপুরের সদর উপজেলার খলিল মণ্ডলের হাট এলাকা থেকে ট্রলার যোগে আনন্দ ভ্রমণ বের হয়ে বুধবার বিকেলের দিকে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে যাত্রা বিরতি শেষে সাড়ে পাঁচটার দিকে পুনরায় যাত্রা শুরু করে। তবে, ট্রলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে স্রোতের ধাক্কায় ঘাট এলাকাতেই ট্রলারটি ডুবে যায় । এ সময় ১৬ জনের মধ্যে ১৪ জন সাঁতরে এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু দুই শিক্ষককে আর খুঁজে পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত