ইনিংস হার এড়াতে পারেনি ভারত

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৫৬ এএম

হেডিংলি টেস্টের চতুর্থ দিনে ভারতকে হারাতে মাত্র ৫৪ মিনিট লেগেছে ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে বাকি ৮ উইকেট হারিয়েছে বিরাট কোহলিরা। ২৭৮ রানে অল আউট হয়েছে ভারত। ফলে এক ইনিংস ও ৭৬ রানে জিতে পাঁচ টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

অলি রবিনসন দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন। ক্রেগ ওভার্টন ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট। জেমস অ্যান্ডারসন শুধু আউট করেছেন অজিঙ্কা রাহানেকে। কোহলি ও চেতেশ্বর পুজারা তৃতীয় দিনে যে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন গতকাল খেলার শুরুতেই সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৮৯ বলে ৯১ রান করে প্যাভিলিয়নে ফেরেন পুজারা। এরপর ২৬তম টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করে রবিনসনের বলে প্রথম সিøপে রুটের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৫ রানে আউট হন কোহলি। এরপর আসা-যাওয়ার মিছিলে রবীন্দ্র জাদেজাই কেবল ৩০ রান করতে পেরেছেন। হেডিংলির প্রথম ইনিংসে ভারত ৭৮ রানে অলআউট হয়েছিল। এরপর ইংল্যান্ড ৪৩২ রান তুলে বিশাল লিড নেয়। পরাজয়ের ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। গতকাল ইনিংস পরাজয় নিশ্চিত হওয়ার পর হারের কারণ সম্পর্কে কোহলি বলেছেন, ‘স্কোরবোর্ডের চাপের কাছেই মাথা নত করেছি আমরা। নিজের দল ৮০ রানের মধ্যে অলআউট হয়ে যাওয়ার পর বিপক্ষ বড় রান তুললে চাপ বাড়েই। বৃহস্পতিবার পর্যন্তও আমরা ম্যাচে ছিলাম। যতটা সম্ভব প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলাম। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আজ (শনিবার) ইংল্যান্ডের ফাস্ট বোলাররা আমাদের ওপর মারাত্মক চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত ওরা যে ফলাফল চেয়েছিল, সেটাই হলো। আমরা আশানুরূপ খেলতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম ব্যাট করার পক্ষে এই পিচ আদর্শ। বল ব্যাটেও আসছিল। কিন্তু নিজেদের ভুলেই বিপদ ডেকে এনেছি। যে চাপ তৈরি করা হয়েছিল সেটাও সাংঘাতিক। পিচ ভালোই ছিল ব্যাটিংয়ের জন্য। ইংল্যান্ড ব্যাট করার সময় পরিস্থিতি অন্যরকম ছিল। আমরাও ভালো বোলিং করতে পারিনি। ফলাফল দেখেই স্পষ্ট, কোন দল ভালো খেলেছে।’ পরের টেস্টে প্রত্যাশার কথা জানাতে গিয়ে কোহলি বলেন, ‘টপ অর্ডারকে ভালো খেলতে হবে যাতে লোয়ার মিডল অর্ডারের ওপর চাপ কমে। আমাদের ব্যাটিংয়ে আরও গভীরতা দরকার। আরও আত্মবিশ্বাসী হতে হবে আমাদের। অস্ট্রেলিয়ায় কিন্তু ৩৬ অল আউট হওয়ার পরেও আমরা ফিরে এসেছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত